শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ফুলে ফুলে ভরে উঠেছে রায়েরবাজার স্মৃতিসৌধ

by ঢাকাবার্তা
শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাচ্ছে এক শিশু।

স্টাফ রিপোর্টার ।। 

ফুলে ফুলে ভরে উঠেছে রায়েরবাজার স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ শনিবার সকাল থেকেই সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজার স্মৃতিসৌধে সমবেত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। ভোর থেকেই মানুষের ঢল নেমেছে সেখানে। শ্রদ্ধার ফুলে সেজেছে স্মৃতিসৌধের বেদি।

প্রথম আলো কথা বলেছে আজ রায়েরবাজার স্মৃতিসৌধে আসা বিভিন্ন মানুষের সঙ্গে। কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য শ্যামল বিশ্বাস বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও আমরা মানবিক, গণতান্ত্রিক ও সমতার বাংলাদেশ গড়তে পারিনি। এ কারণেই ৫ আগস্ট গণ-অভ্যুত্থান ঘটেছে। আমরা এখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, যা কেবলমাত্র মানবিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে সম্ভব।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, “আমাদের একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।”

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও শ্রমিক সংগঠন, ছাত্রসংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষ সেখানে সমবেত হন।

মোহাম্মদপুরের শের শাহ সূরি রোড থেকে পাঁচ বছরের সন্তান শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে আসেন বেসরকারি চাকরিজীবী আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ছেলেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই এখানে এনেছেন। তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে ক্ষমতাসীনদের অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। আমার প্রত্যাশা, নতুন প্রজন্ম সঠিক ইতিহাস শিখে দেশ গঠনে ভূমিকা রাখবে।”

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। তাদের সহযোগীদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিকসহ বহু বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বিশেষত ১৪ ডিসেম্বর এ হত্যাযজ্ঞ চূড়ান্ত রূপ নেয়। স্বাধীনতার পর রাজধানীর রায়েরবাজারের ইটখোলা, মিরপুর বধ্যভূমিসহ বিভিন্ন স্থানে চোখ-হাত বাঁধা বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এভাবেই জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়। স্বাধীনতার পর থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net