শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বিএনপি সমঝোতার পথ খোলা রাখেনি, মার্কিন প্রতিনিধিদলকে আওয়ামী লীগ

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে চায়, তা প্রতিনিধিদলকে ব্যাখ্যা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের

by ঢাকাবার্তা ডেস্ক
বিএনপি সমঝোতার পথ খোলা রাখেনি, মার্কিন প্রতিনিধিদলকে আওয়ামী লীগ

ঢাকাবার্তা ডেস্ক।।

বিএনপি আগামী নির্বাচন নিয়ে সমঝোতার কোনো পথ খোলা রাখেনি বলে যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধিদলকে জানিয়েছি, বিএনপি সমঝোতা-আপসের কোনো পথ খোলা রাখেনি। বিএনপির দাবি সংবিধানসম্মত নয়। সংবিধান লঙ্ঘন করে তো আমরা সমঝোতা করব না।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে আজ সোমবার বৈঠক করেন ঢাকা সফরররত যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

বৈঠক শেষে মার্কিন প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের পক্ষ থেকে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কিছু বলা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা তুলে ধরেন। বাংলাদেশে নির্বাচনী পরিবেশ মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা অন্যদের মতো আমাদের সঙ্গেও বৈঠক করেছে। ১২ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদল। জাতীয় নির্বাচন নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়েছে।’

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে চায়, তা প্রতিনিধিদলকে ব্যাখ্যা করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার গত ১৫ বছরে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে ৮২টি সংস্কার করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার, সে বিষয়েও প্রতিনিধিদলকে বলেছেন।

দেশের ৭০ ভাগ ভোটার শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে আইআরআইয়ের জরিপে উঠে এসেছে, সেই তথ্য বৈঠকে উল্লেখ করেছেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমাদের মনোভাব জানতে চেয়েছে, আমরা কী করতে চাই, কেমন নির্বাচন চাই, বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ কীভাবে দেখছি।’

মার্কিন প্রতিনিধিদল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মধ্যস্থতা করতে আসেনি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এখানে একটা ভালো নির্বাচন দেখতে চায়। আমরাও বলেছি, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। তাদের কথাবার্তা ইতিবাচক ছিল। কোনো পক্ষ নিয়ে কথা বলেনি।’

আওয়ামী লীগ ও বিএনপির মতবিরোধ সমাধান করা মার্কিন প্রতিনিধিদলের উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তারা পরিস্থিতি বুঝতে চায়। নির্বাচনের পরিবেশ, বাস্তব অবস্থা, সংঘাতের আশঙ্কা আছে কি না, সেটি পর্যবেক্ষণ করছে।’

 

আরও পড়ুনঃ বিএনপির ১৫ নেতার কারাদণ্ড মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র: রিজভী

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net