মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

স্কুইড গেম: ৫০ কোটি টাকা জিতলেন ৫৫ বছরের নারী

প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হরেক রকম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন। এজন্য পুরস্কারের পরিমাণ ৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলার (৫০ কোটি ২০ লাখ টাকা)

by ঢাকাবার্তা ডেস্ক
স্কুইড গেম: ৫০ কোটি টাকা জিতলেন ৫৫ বছরের নারী

বিনোদন ডেস্ক।।

নেটফ্লিক্সের ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি শোর মুকুট জিতলেন ভিয়েতনামের নারী মাই উইলান। তিনি পেয়েছেন বিশাল অঙ্কের নগদ অর্থ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হরেক রকম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন। এজন্য পুরস্কারের পরিমাণ ৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলার (৫০ কোটি ২০ লাখ টাকা)। রিয়েলিটি শোর ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঙ্কের নগদ পুরস্কার।

দক্ষিণ কোরিয়ার সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজ অবলম্বনে সাজানো হয়েছে প্রতিযোগিতা। সিরিজে দেখানো কয়েকটি চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে প্রতিযোগীদের। এরমধ্যে রয়েছে গ্রিন লাইট, রেড লাইট। এতে দেখা যায়, প্রায় ১৪ ফুট লম্বা রোবট মেয়ে পুতুল গান গাওয়া শুরু করলে সবাইকে একটি লাইন অতিক্রমের জন্য দৌড় শুরু করতে হয়েছে। গান বন্ধ হলেই মূর্তির মতো থেমে গেছেন তারা। তখন নড়াচড়া করা প্রতিযোগীরা বাদ পড়েছে। ওয়েব সিরিজে কেউ ব্যর্থ হলেই মৃত্যু অবধারিত ছিল। আর রিয়েলিটি শোতে প্রতিযোগীদের অপসারণে ব্যবহার করা হয়েছে রেডিও-নিয়ন্ত্রিত বিস্ফোরক রঙ। মাই উইলান ২৮৭ নম্বর পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ফাইনালে তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন স্যাম ওয়েলস (০১৬ নম্বর প্রতিযোগী) ও ফিল কেইন (৪৫১ নম্বর প্রতিযোগী)। চূড়ান্ত পর্বে উঠতে পেরেছেন তারা তিন জন। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বেডফোর্ড শহরের কার্ডিংটন স্টুডিওসে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি শোর শুটিং হয়েছে। এতে রয়েছে মোট ১০টি পর্ব। গত ২২ নভেম্বর মুক্তি পেয়েছে এটি। ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।

মাই উইলানের জন্ম ভিয়েতনামে।। ঢাকাবার্তা।।

মাই উইলানের জন্ম ভিয়েতনামে।। ঢাকাবার্তা।।

শেষ পর্বে রক পেপার সিজার্স নামের একটি হাতের খেলার মাধ্যমে বিজয়ী নির্ধারণ হয়। মাই উইলান জয়ের কাছে পৌঁছানোর পর উল্লাস করবেন নাকি কাঁদবেন বুঝতে পারছিলেন না। তিনি মনে করেন, ভাগ্যের জোরে জয় পেয়েছেন। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ জেতার ক্ষেত্রে তার সবচেয়ে কাজে লেগেছে মেডিটেশন (ধ্যান)। তিনি বলেন, ‘খুব সকালে উঠে গোসল সেরে ডর্মের চারপাশে হেঁটেছি এবং তারপর সেখানে বসে ধ্যান করেছি। এর মাধ্যমে স্বাচ্ছন্দ্যে থাকা সহজ হয়েছে এবং নিজের মনকে সারাদিন প্রতিযোগিতায় নিমগ্ন রাখতে পেরেছি।’

৫৫ বছর বয়সী মাই উইলানের জন্ম ভিয়েতনামে। ১৯৭৫ সালে আট বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ১৮ বছর বয়সে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন তিনি। ১৯ বছর বয়সে তার কোলে আসে সন্তান। এরপর সিঙ্গেল মা হিসেবে দুই দশক চাকরি করে অবসরে যান তিনি।

 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টিতে স্বামী ও দুই পোষা কুকুর নিয়ে থাকেন মাই উইলান। এখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে অভিবাসন বিচারক হিসেবে কাজ করছেন। তার দুই মেয়ে এবং ১২ বছরের এক নাতনি আছে। বাগান পরিচর্যা, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ করেন তিনি।

নেটফ্লিক্স থেকে আয়কর বাদ দিয়ে মাই উইলান পেয়েছেন ২. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ৫৩ লাখ টাকা)। পুরস্কারের অর্থ দিয়ে ভার্জিনিয়ায় নিজের বাড়ি সংস্কার করার পরিকল্পনা আছে তার। এছাড়া নৌযানের জন্য ছোট আকারের ডক বানাবেন তিনি। এছাড়া কিছু টাকা অসহায় মানুষ, প্রাণী ও জলবায়ু পরিবর্তনের পেছনে ব্যয় করতে চান।

সম্প্রতি কয়েকজন প্রতিযোগী ইনজুরির কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করায় আইনিভাবে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। অভিযোগ রয়েছে, প্রতিযোগিতায় জেতার জন্য শুটিংয়ে ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে গিয়ে হাইপোথার্মিয়া (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া) ও স্নায়ুর ক্ষতির মতো ইনজুরিতে ভুগেছেন দুই প্রতিযোগী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে নেটফ্লিক্স জানায়, শুটিংয়ে শারীরিক অবস্থা কিছুটা অবনতির কারণে তিন প্রতিযোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে গুরুতর ইনজুরির গুঞ্জন অসত্য বলে জানায় ওটিটি প্ল্যাটফর্মটি। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে স্টুডিও ল্যাম্বার্ট। তাদের একজন মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেন, ‘আমরা প্রতিযোগীদের সুস্বাস্থ্যের দিকটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি।’ এদিকে ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজের সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে এর অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। আগের মৌসুমের কয়েকজন অভিনেতা ফিরছেন সিক্যুয়েলে। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কয়েকজন।

 

আরও পড়ুন: নতুন চমক নিয়ে ‘দ্য মার্ভেলস’ আসছে বাংলাদেশে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net