বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শেখ কামাল পুরস্কার পাচ্ছেন তৌহিদ হৃদয়

by ঢাকাবার্তা
শেখ কামাল পুরস্কারের জন্য মনোনীত তৌহিদ হৃদয়

স্টাফ রিপোর্টার ।। 

ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার প্রদান করা হচ্ছে। এবার দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জাতীয় দলের ক্রিকেটার তৌহিদ হৃদয়সহ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে এই সম্মানিত পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কৃত হচ্ছেন শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন এবং সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব এবং মাহি উদ্দিন আহমেদ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা তৌহিদ হৃদয় পাচ্ছেন উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার। একই ক্যাটাগরিতে পুরস্কৃত হচ্ছেন অ্যাথলেট জহির রায়হানও।

এছাড়া, দেশের ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে পুরস্কৃত হচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। সাংবাদিক এবং ধারাভাষ্যকারদের মধ্যে ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং ধারাভাষ্যকার কল্যান কুমার সাহা পাচ্ছেন এই পুরস্কার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রবিবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ এই তথ্য জানান। আগামীকাল সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেখ কামালের ৭৫তম জন্মদিন উপলক্ষে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারের মধ্যে থাকবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net