স্টাফ রিপোর্টার ।।
সিএসএসফাউন্ডেশন থেকে জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হয়েছে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর সিএসএসফাউন্ডেশন জানায়, কওমী মাদ্রাসার শহীদ শিক্ষার্থী সংখ্যা ২৯ জন এবং আলিয়া মাদ্রাসার শহীদ শিক্ষার্থী সংখ্যা ২১ জন, যার ফলে দুই শিক্ষাধারার মাদ্রাসা-শিক্ষার্থীদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জন।
তথ্য যাচাইয়ের জন্য প্রত্যেকটি শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেখান থেকে সত্যায়ন সংগ্রহ করা হয়েছে। শুধুমাত্র অযাচিত তথ্যের ভিত্তিতে কোনো নাম তালিকাভুক্ত করা হয়নি। প্রতিটি শহীদের নাম ও পরিচয় সত্যায়ন করে সেগুলো যাচাইয়ের পর তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনলাইনে প্রকাশিত বিভিন্ন তালিকার পরিপ্রেক্ষিতে সিএসএসফাউন্ডেশন মন্তব্য করেছে যে, সেখানে মাদ্রাসাশিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যাদের মাদ্রাসাশিক্ষার্থী হওয়ার কোনো প্রমাণ নেই। কিছু নামের মধ্যে এমনও দেখা গেছে যেখানে শহীদ শিক্ষার্থীর বাবাকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিটি শহীদের তথ্য যাচাইয়ের মাধ্যমে সিএসএসফাউন্ডেশন তাদের চূড়ান্ত তালিকা তৈরি করেছে এবং শিগগিরই এটি প্রকাশ করার পরিকল্পনা করছে। এছাড়া, শহীদদের পোস্টার কার্ড তৈরির কাজও ১২টি তথ্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সিএসএসফাউন্ডেশন তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করেছে, তাদের অনুসন্ধানে হয়তো কিছু শহীদ শিক্ষার্থীর নাম বাদ পড়ে থাকতে পারে, তবে তারা দৃঢ়প্রতিজ্ঞ যে, আগামীতে আরও শহীদের অন্তর্ভুক্তি বিষয়ে পুনরায় অনুসন্ধান করবে।
