রাবি প্রতিনিধি ।।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম সঞ্চালনা করেন। এ সময় সংগঠনটির সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, নুরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।
মেহেদী সজীব বলেন, ‘যেদিন আবু সাঈদের রক্তে রংপুরের জমিন লাল হয়েছে, সেদিনই আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। একটি রাজনৈতিক দল যখন গুম, খুন, নির্যাতনে লিপ্ত হয়, তখন সেটাকে নাৎসি পার্টি হিসেবে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না।’
সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ৫ আগস্টেই নিশ্চিত হয়েছে। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, তবে শহীদদের জীবন, আহতদের হাত-পা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হবে।’
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভের পেছনে প্রেক্ষাপট হিসেবে দেখা যায়, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই। এরপর থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।
