স্টাফ রিপোর্টার ।।
স্কুলে শুরু থেকেই শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ইকরা কারিকুলাম কাউন্সিলের আহ্বায়ক মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, “একজন শিশু ফুলের কলির মতো। নৈতিক শিক্ষা শিশুর সুকুমারবৃত্তিকে গঠন করে। তাই নৈতিক শিক্ষা সবার আগে প্রয়োজন।”
বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে ধন্যবাদ জানিয়ে মাসউদুল কাদির বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আলেম নিয়োগ দেওয়া দরকার। দেশের আলেমগণ নীতিনিষ্ঠ মানুষ গঠনে বড় ভূমিকা রাখছেন। তাঁরা স্কুলে নৈতিক বিপ্লব ঘটাতে পারেন।
তিনি আরও বলেন, দেশের স্কুলগুলোতে কুরআনের শিক্ষা চালু করা প্রয়োজন। হাদিস থেকে নৈতিক শক্তি অর্জন সম্ভব।
উল্লেখ্য, আজ এক অনুষ্ঠানে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা শুধু সাক্ষরতা নয়, নৈতিক আচরণও শেখে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে, তবে শিশুদের নৈতিকতা শেখা সহজ হয়।”
