বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্রদল নেতা

by ঢাকাবার্তা
শাহরিয়ার সাম্য

ঢাবি প্রতিনিধি ।।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।  তিনি ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছিলেন।

পুলিশ জানায়, নিহতের ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত ছিল। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, উদ্যান এলাকা থেকে বের হওয়ার সময় বাইক নিয়ে কিছু লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। এ সময় সাম্য কিছুটা দূরে থাকায় লক্ষ্যবস্তুতে পরিণত হন। তারা দাবি করেন, হামলাকারীদের সংখ্যা সাত–আটজনের মতো ছিল, আর ভুক্তভোগীরা ছিলেন মাত্র তিনজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের একজন দায়িত্বশীল শিক্ষক বলেন, ঘটনাটি একটি দুর্বৃত্ত হামলা। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net