বুধবার, মার্চ ১১, ২০২৬

নবীজীর জীবন ও কর্ম নিয়ে গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে: ইবি উপাচার্য

by ঢাকাবার্তা
বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইবি প্রতিনিধি ।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সাঃ) এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বিশেষভাবে গবেষণা করা হবে। সেই গবেষণার ফলাফলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে, যাতে মহানবীর শিক্ষা ও নীতিমালা আরও বিস্তৃতভাবে পৌঁছে যায়।

বুধবার (সেপ্টেম্বর ১০) সিরাতুন নবি (সাঃ) উদযাপন উপলক্ষে ইবিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদেরকে বিচলিত করছে। তবে এ সমস্যা মোকাবেলার জন্য আমরা প্রায়শই দূরের কিছু খুঁজে বের করার চেষ্টা করি, যা কার্যকর নয়। আমাদের পৃথিবীর আনাচ-কানাচ খুঁজে বেড়ানোর প্রয়োাজন নেই। বরং আমাদের মহানবীর আদর্শ অনুসরণ করলেই সমস্যার সমাধান সম্ভব।”

অনুষ্ঠানে সিরাতুন নবি (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক ও ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড.আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিরাত বক্তা হিসেবে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সিরাত বক্তৃতায় শায়খ আহমাদুল্লাহ মহানবী (সাঃ)-এর জীবন, আদর্শ এবং শোষণমুক্ত সমাজ গঠনের শিক্ষার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “এটি মহানবী (সাঃ) অনেক আগেই ঘোষণা করেছেন এবং বাস্তবায়ন করে গেছেন।”

তিনি আরও বলেন, “শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম (সাঃ)-এর কাজের তুলনা ইতিহাসে বিরল। আমরা তাঁর বহু নীতিকথা শুনি, উদাহরণ দেখি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি নিজেই সেই নীতিগুলো জীবনে অনুসরণ করেছেন এবং প্রমাণ করেছেন। তিনি শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং কাজের মাধ্যমে তাদের বাস্তবায়ন করেছেন। এই মুহূর্তে মুসলমানদের মহানবীর রেখে যাওয়া আদর্শের গুণাবলী অর্জন করতে হবে।”

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net