স্টাফ রিপোর্টার ।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের তদন্তে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে আশরাফুল আলম খোকন ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ গোপনে তিনটি ব্যাংক হিসাবে এক কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন এবং সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনেন।

আশরাফুল আলম খোকন ও রেজওয়ানা নূর। ফাইল ফটো
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
এছাড়া, দুদকের অভিযোগপত্র অনুযায়ী, তার স্ত্রী রেজওয়ানা নূর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ছয় কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকার অবৈধ লেনদেন করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।