ডেস্ক রিপোর্ট ।।
বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানিকে শনিবার জাতীয় রাজধানীর ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৯৭ বছর বয়সী এই নেতা স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল এক বিবৃতিতে জানায়, “ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। ড. বিনীত সুরির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন এবং বর্তমানে স্থিতিশীল রয়েছেন।”
এর আগে চলতি বছরের আগস্ট মাসে এল কে আদভানিকে রুটিন ফলো-আপ পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়াও, জুলাই মাসের ৩ তারিখে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সংক্ষিপ্ত চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এ বছর মার্চ মাসে, তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে এক রাত পর্যবেক্ষণের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, মার্চ মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এল কে আদভানিকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ প্রদান করা হয়।
১৯২৭ সালের ৮ নভেম্বর, তৎকালীন অবিভক্ত ভারতের করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করা আদভানি ১৯৪২ সালে আরএসএস-এ স্বয়ংসেবক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫ পর্যন্ত বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।