বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সিটি ব্যাংক দিচ্ছে গুগল পে সেবা, শুরু হচ্ছে নতুন পেমেন্ট যুগ

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

by ঢাকাবার্তা
গুগল পে লোগো

স্টাফ রিপোর্টার ।।

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগল পে। ২৪ জুন ঢাকার একটি হোটেলে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল ওয়ালেট’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, যা ‘গুগল পে’ নামে পরিচিত। বেসরকারি খাতের সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা চালু করছে, সহযোগিতায় রয়েছে গুগল, মাস্টারকার্ড ও ভিসা। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, গুগল পের সঙ্গে যুক্ত হওয়া প্রথম স্থানীয় ব্যাংক হবে সিটি ব্যাংক। শুরুতে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা তাঁদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে স্পর্শবিহীন উপায়ে অর্থ পরিশোধ করতে পারবেন।

গুগল পে ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করা গুগল পে অ্যাপ প্রয়োজন হবে। এরপর অ্যাপে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করে যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে। লেনদেনের জন্য কোনো অতিরিক্ত ফি বা চার্জ নিচ্ছে না গুগল।

পেমেন্ট নিরাপত্তায় গুগল পেতে টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয়, যা লেনদেনকে আরও নিরাপদ করে তোলে। ফলে প্রকৃত কার্ড নম্বর বা গ্রাহকের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার হয় না।

সংশ্লিষ্ট একটি পেমেন্ট গেটওয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গুগল পের সবচেয়ে বড় সুবিধা হলো এখন আর কার্ড বহনের দরকার পড়বে না। শুধু অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে।’

বর্তমানে শুধু সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য এই সেবা সীমিত থাকলেও ভবিষ্যতে অন্য ব্যাংকও গুগল পে প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে বলে জানা গেছে।

গুগল পে (Google Pay): একটি ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, যা গুগল কর্তৃক পরিচালিত।

  • প্রযুক্তি: এনএফসি (NFC), টোকেনাইজেশন, স্পর্শবিহীন পেমেন্ট
  • নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন ও পিন কোডে সুরক্ষিত
  • বিশ্বব্যাপী বিস্তার: বহু দেশে পেমেন্ট অ্যাপ হিসেবে জনপ্রিয়
  • বাংলাদেশে সূচনা: সিটি ব্যাংকের মাধ্যমে, ২৪ জুন ২০২৫

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net