স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়।
দলীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এস এ সিদ্দিক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান এবং ফুটবল প্রতীক বরাদ্দ পান।
উল্লেখ্য, এই আসনে বিএনপি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এস এ সিদ্দিককে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে এসব অভিযোগের নির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়নি।
