শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

লীগের সঙ্গে সংশ্লিষ্ট আমলা ও সাংবাদিকদের তালিকা প্রকাশের দাবি

by ঢাকাবার্তা
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন

স্টাফ রিপোর্টার ।।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের নাম প্রকাশের দাবি জানিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’। রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি সচিবালয়সহ নয়টি সরকারি দপ্তরের প্রায় তিন শত কর্মকর্তা-কর্মচারীর একটি প্রাথমিক তালিকা তুলে ধরে বলে জানায়। তালিকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর ও বিভিন্ন মন্ত্রণালয়ের নাম রয়েছে।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক মো. নজরুল ইসলাম তুহিন, সদস্যসচিব ফারহান সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. তানভীর ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন; পাশে ছিলেন যুগ্ম সদস্যসচিব মো. আবিদ ইসলাম ও জুলাই আন্দোলনে আহত সৌরভ। ফারহান সরকার চার দফা দাবি তুলে ধরে বলেন, প্রথমত সব সেক্টরের আওয়ামী লীগ–ঘনিষ্ঠ কর্মীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদী কার্যক্রমে জড়িতদের চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তৃতীয়ত, প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করতে হবে। চতুর্থত, একটি স্বাধীন তদন্ত কমিশন গড়ে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

সংগঠনটি হুঁশিয়ারি দেয়, দাবি মানা না হলে রাজপথে লাগাতার কর্মসূচি শুরু করবে তারা। বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আদর্শ বহনকারীরা’ রাষ্ট্রীয় পদে থেকে দলীয় স্বার্থে ক্ষমতার অপব্যবহার করছেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি। দাবি আদায়ে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয়।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net