শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

টিকটকের জন্য ধনী ক্রেতা খুঁজে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প

by ঢাকাবার্তা
ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর জন্য তিনি একজন বা একাধিক ধনী ক্রেতা খুঁজে পেয়েছেন। রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব ক্রেতার পরিচয় তিনি দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন।

ট্রাম্প বলেন, তিনি যে চুক্তিটি এগিয়ে নিচ্ছেন, তার জন্য চীনের সম্মতির প্রয়োজন হতে পারে এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অনুমোদন দেবেন বলেই তিনি আশা করছেন।

চীনা কোম্পানি বাইটডান্স-এর মালিকানাধীন টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রির বিষয়ে চলতি বছর বেশ কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এর আগে তিনবার সময়সীমা বাড়িয়েছেন। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করা হয়।

চলতি বছরের শুরুতে একটি চুক্তি চূড়ান্তের পথে ছিল, যার আওতায় টিকটকের যুক্তরাষ্ট্র শাখা একটি নতুন মার্কিন প্রতিষ্ঠানে রূপ নিত এবং তার মালিকানা থাকত মার্কিন বিনিয়োগকারীদের হাতে। কিন্তু ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বেইজিং জানিয়ে দেয়, তারা এমন চুক্তির অনুমোদন দেবে না। ফলে আলোচনা ভেস্তে যায়।

২০২৪ সালের একটি নতুন মার্কিন আইনের আওতায় বলা হয়েছে, যদি বাইটডান্স টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে না বিক্রি করে কিংবা যথেষ্ট অগ্রগতি না দেখাতে পারে, তাহলে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

ট্রাম্প মনে করেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে টিকটক তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net