রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চলতি মাসেই নতুন দল নিবন্ধনের কাজ শেষ করতে চায় ইসি

by ঢাকাবার্তা
নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ এ মাসেই শেষ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের জানান, মাঠ পর্যায় থেকে নতুন ২২টি রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করে পাঠানো কাগজপত্র সচিবালয়ে পৌঁছেছে। তিনি বলেন, “এসব তথ্য আমরা ব্রডশিট আকারে সন্নিবেশ করছি। আগামীকাল এটি কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে প্রতীক বরাদ্দও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে আখতার আহমেদ বলেন, “নিবন্ধন দেয়া সম্ভব হলেও প্রতীক প্রদানে বিলম্ব হতে পারে। আমরা চাই নিবন্ধন ও প্রতীক একসঙ্গে দেয়া হোক, যাতে নতুন রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে।”

এবার ইসিতে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে ১৪৩টি রাজনৈতিক দল। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ১২১টি দল বাদ পড়েছে। অবশিষ্ট ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। তদন্ত শেষে নির্বাচনী প্রক্রিয়ায় টিকে থাকা দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরওয়ার্ড পার্টি, আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আমজনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

সিনিয়র সচিব বলেন, কমিশনের লক্ষ্য নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করা, যাতে নির্বাচনী রোডম্যাপে কোনো বিলম্ব না হয়। মাঠ পর্যায়ের তথ্য যাচাই শেষে কমিশন সতর্কতার সঙ্গে প্রতিটি আবেদন পর্যালোচনা করবে। সময়মতো নিবন্ধন ও প্রতীক প্রদান নিশ্চিত হলে নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে কোনো বাধা থাকবে না, যা প্রতিযোগিতা বাড়াবে এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net