স্টাফ রিপোর্টার ।।
গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল ওয়ালেট’, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত, এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি খাতের সিটি ব্যাংক এই সেবাটি চালু করেছে। ফলে এখন থেকে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারী গ্রাহকেরা তাঁদের স্মার্টফোন ব্যবহার করে সহজে, দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।
এই উপলক্ষে গতকাল (মঙ্গলবার) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদ।
সিটি ব্যাংক জানিয়েছে, গুগল পে সেবা ব্যবহার করতে গ্রাহকদের এনএফসি প্রযুক্তিসংবলিত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাতে তাঁদের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। এরপর কোনো দোকান বা প্রতিষ্ঠানের পিওএস (পয়েন্ট অব সেলস) যন্ত্রে স্মার্টফোন স্পর্শ করেই লেনদেন সম্পন্ন করা যাবে।
৫ হাজার টাকার মধ্যে লেনদেনে পাসওয়ার্ড প্রয়োজন হবে না, তবে বড় অঙ্কের লেনদেনে তা দিতে হবে। পুরো লেনদেন ব্যবস্থা উন্নত এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
বর্তমানে সিটি ব্যাংকের ১২ লাখ ডেবিট ও সাড়ে ৪ লাখ ক্রেডিট কার্ডধারী আছেন। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ গ্রাহক ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেন। প্রাথমিকভাবে তাঁরাই এই সুবিধা পাচ্ছেন। অ্যামেক্স কার্ডধারীদেরও শিগগিরই এই সেবায় যুক্ত করা হবে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।
সারা দেশে সিটি ব্যাংকের ৩৫ হাজার পিওএস যন্ত্রের মধ্যে ৩২ হাজার এনএফসি-সক্ষম। পাশাপাশি, অন্যান্য ব্যাংকের এনএফসি-পসেও গুগল পে লেনদেন সম্ভব হবে। গ্রাহকদের জন্য এই সেবার বাড়তি কোনো চার্জ থাকছে না। যেসব গ্রাহকের কার্ডে অনুমতি রয়েছে, তাঁরা বিদেশে গুগল পে দিয়ে ডলারেও পেমেন্ট করতে পারবেন।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তি গড়ে উঠবে।” সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। এর মাধ্যমে সারা পৃথিবীতে লেনদেন করা যাবে এবং বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল।”