স্টাফ রিপোর্টার ।।
জুলাই গণ–অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই গণ–অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলীর জন্য সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে যেসব কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলোর দায়–দায়িত্ব থেকে জুলাই গণ–অভ্যুত্থানকারীরা অব্যাহতি পাবেন।
আসিফ নজরুল জানান, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত এসব কার্যাবলীর ক্ষেত্রে দায়মুক্তি কার্যকর হবে। এ সময়ের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া কোনো ফৌজদারি মামলা থাকলে সরকার তা প্রত্যাহারের উদ্যোগ নেবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় তাঁদের বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না বলেও জানান তিনি।
তবে তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিরোধের আড়ালে ব্যক্তি বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ দায়মুক্তি প্রযোজ্য হবে না। লোভ, প্রতিশোধপরায়ণতা বা ব্যক্তিগত স্বার্থে সংঘটিত কোনো হত্যাকাণ্ড এই আইনের আওতায় পড়বে না।
আইন উপদেষ্টা আরও বলেন, এই অধ্যাদেশ কেবল ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সমন্বিতভাবে পরিচালিত কার্যাবলীর জন্য প্রণয়ন করা হয়েছে। ওই কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরাই শুধু এ দায়মুক্তির সুবিধা পাবেন।
