কুবি প্রতিনিধি ।।
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন করা হয়েছে রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরীক্ষার মতো জনকল্যাণমূলক কর্মসূচি।
বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু’, এবং সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের সহায়তায় পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তদান করতে পারবেন। পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার নির্ণয় ও ডায়াবেটিস লেভেল পরীক্ষার সুবিধা পাবেন।

কুবিতে রক্তদান কর্মসূচি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “যাঁরা আত্মত্যাগ করে আমাদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করেছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও দোয়া। এই কর্মসূচি শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, এটি তরুণ প্রজন্মকে মানবিক ও সেবামূলক কাজে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। সকলে আন্তরিকভাবে অংশ নেওয়ায় আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে—এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।”
রক্ত দাতা সংগঠন বন্ধুর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আমরা রক্তদাতা সংগঠন বন্ধু এর পক্ষ থেকে রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ব্লাড প্রেসার নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করেছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো আপনারা সকলে আসুন এবং আমাদের আয়োজনে অংশগ্রহণ করুন আজকে আমাদের পাশাপাশি কুমিল্লা মেডিকেলের সন্ধানী টিম এখানে উপস্থিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য।’
