শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

‘নিরাপদ আবাসন’ দাবিতে আন্দোলন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ

by ঢাকাবার্তা
ঢাকা মেডিকেল কলেজ

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রোববার (১৬ জুন) দুপুর ১২টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম জানান, কলেজের পুরোনো একটি ছাত্রাবাসকে বসবাসের অযোগ্য ঘোষণা করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, অথচ সেখানে এখনো কিছু শিক্ষার্থী অবস্থান করছেন। বিকল্প আবাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা সাড়া দিচ্ছেন না। এতে তাদের জীবনের জন্য হুমকি তৈরি হচ্ছে। এর পাশাপাশি, প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণাও দিয়েছে তারা, যা কলেজের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা।

ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় জানানো হয়, শিক্ষার্থীদের দাবি-দাওয়া যেমন—নতুন একাডেমিক ভবন ও আবাসন সমস্যার সমাধানে বাজেট পাস, বিকল্প আবাসনের ব্যবস্থা, এবং সব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্বচ্ছতা—এসব বিষয়ে কাউন্সিল একমত। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীরা এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতির দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। তারা শনিবার সকালে পাঁচ দফা দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, “চারটি হলের একটাও বসবাসযোগ্য নয়, এমনকি কয়েকদিন আগেও হলের ছাদের পলেস্তরা খসে পড়েছে। আমরা নিরাপদ বোধ করছি না।”

সবকিছু বিবেচনায় নিয়েই কলেজ কর্তৃপক্ষ আপাতত একাডেমিক কার্যক্রম স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net