স্টাফ রিপোর্টার ।।
ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য (কামরাঙ্গীরচর-কেরাণীগঞ্জ) ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামসহ আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যান্য মন্ত্রীরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মন্ত্রী শাহজাহান খান। নিষেধাজ্ঞা দেওয়া সংসদ সদস্যদের মধ্যে আছেন- সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজীম উদ্দিন, নূর ই আলম চৌধুরী এবং জিয়াউর রহমান।
