শনিবার, মার্চ ১৪, ২০২৬

জিম্বাবুয়ে সিরিজে প্রাথমিক দলে নেই সাকিব ও মুস্তাফিজ!

এবার জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই।

by ঢাকাবার্তা ডেস্ক
Sakib al hasan & Mustafizur Rahman Zimbabwe series with Bangladesh

মোত্তাকিন মুন,ঢাকা।।

বিশ্বকাপের আগে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে কদিন আগেই ফিটনেস ট্রেনিং সেরেছেন টাইগার ক্রিকেটাররা। এবার জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম নেই। যদিও তারা যে সিরিজের চূড়ান্ত দলে থাকবেন না সেটি বলা যাচ্ছে না।  বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ ২৩ এপ্রিল (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হন লিপু। সেখানে তিনি জিম্বাবুয়ে সিরিজের প্রথমদিকে সাকিবের না খেলা নিয়ে বিস্তারিত জানান। ওই সময় সাবেক এই টাইগার অধিনায়ক শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ডিপিএল। তবে পরবর্তীতে জিম্বাবুয়ে সিরিজের শেষদিকে সাকিব খেলবেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন  ‘(সাকিব) বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে ক্রিকেটীয় স্কিল অনুশীলনের সুযোগ আছে। টিম ম্যানেজমেন্ট ও তিনি যেভাবে চান, তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি সিরিজে যেহেতু পাঁচটা ম্যাচ আছে, শেষদিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

সাকিব ও মুস্তাফিজ না থাকলেও প্রাথমিক এই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া প্রাথমিক দলের তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তানভীর ইসলামদের। আইপিএলে চলমান সিজনে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজুর রহমানের খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই । সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও ক্যাম্পে থাকছেন না।

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

 

আরও পড়ুন: সাকিব আল হাসান ফাউন্ডেশনের স্যালাইনযুক্ত পানি বিতরণ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net