বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত লামিচানে

by ঢাকাবার্তা
সন্দ্বীপ লামিচানে

ঢাকাবার্তা ডেস্ক ।।

নেপালের ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন কাঠমান্ডু জেলা আদালত। ২৩ বছর বয়সী এই লেগ স্পিনারের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি গত আগস্টে পেছানো হয়েছিল। গত রোববার এ মামলার চূড়ান্ত শুনানি শুরুর পর বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ এ রায় দেন।

তবে বিচারক তাঁর রায়ে আরও বলেছেন, ধর্ষণের সময় মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল না। নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানিয়েছে, নেপাল জাতীয় দলের সিনিয়র এই ক্রিকেটার শাস্তি হিসেবে কত দিন কারাভোগের নির্দেশ পাবেন, সেটি ঠিক করা হবে পরবর্তী শুনানিতে। লামিচানের আইনজীবী সরোজ ঘিমির বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘তিনি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী শুনানিতে রায় দেওয়া হবে।’

লামিচানে এখন জামিনে আছেন। এ বছর ১২ জানুয়ারি পাতান হাইকোর্ট তাঁর মুক্তির আদেশ দিয়েছিলেন। লামিচানে রিভিউ পিটিশন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ধ্রুব রাজ নন্দা ও রমেশ দাহালের যৌথ বেঞ্চ লামিচানকে ২০ রাখ রুপি জামানত এবং শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দেন। ডিটেনশন শুনানির পর গত বছরের ৪ নভেম্বর কাঠমান্ডুর জেলা আদালত লামিচানেকে সুন্ধারা অঞ্চলের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেপালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় লামিচানেকে

নেপালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় লামিচানেকে। ছবি: ইনস্টাগ্রাম

কাঠমান্ডুর জেলা অ্যাটর্নি অফিস তাঁর বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে গত বছর ২১ আগষ্ট মামলা করে। ২০৭৪ অপরাধ বিধিমালার ২১৯ নম্বর ধারায় লামিচানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ ছাড়া লামিচানের বিরুদ্ধে গত বছর ৬ সেপ্টেম্বর গুয়াশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে মামলা করেছিল ভুক্তভোগী মেয়েটি। লামিচানে তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশের বাইরে ছিলেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বছরের ৬ অক্টোবর নেপালের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জেলা অ্যাটর্নি লামিচানের বিরুদ্ধে অভিযোগপত্রে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার জন্য তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্র গঠনের পর লামিচানের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক অভিষেক লামিচানের। এর পর থেকেই তাঁকে নেপালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। ওয়ানডে (৫১) ও টি–টোয়েন্টি (৫২) মিলিয়ে এরই মধ্যে নেপালের হয়ে এক শর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লামিচানে। এ দুটি সংস্করণেই নেপালের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ওয়ানডেতে পেয়েছেন ১১২ উইকেট, টি–টোয়েন্টিতে ৯৮। ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট (৪২ ম্যাচ) নেওয়ার রেকর্ডও লামিচানের। আইপিএলে ২০১৮ সালে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এ ছাড়া বিগ ব্যাশ, সিপিএল ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন লামিচানে।

২০২১ সালের ডিসেম্বরে লামিচানেকে নেপাল জাতীয় দলের অধিনায়ক বানানো হয়েছিল। গত বছর সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করা হয়। পরে গ্রেপ্তারও হন। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএন) নিজেদের প্রধান স্পিনার হিসেবে তাঁকে দেশের বাইরে খেলার সুযোগ করে দিয়েছিল।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net