শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

‘ফিক্সিং করলে ছেলেকেও ত্যাজ্য করতাম’, আমিরের ফেরা নিয়ে রমিজ

মোহাম্মদ আমিরকে পাকিস্তান দলে ফেরার সুযোগ করে দেওয়ায় বেশ ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।

by ঢাকাবার্তা ডেস্ক
‘ফিক্সিং করলে ছেলেকেও ত্যাজ্য করতাম’, আমিরের ফেরা নিয়ে রমিজ

খেলা ডেস্ক।।

মোহাম্মদ আমিরের সেই ফিক্সিংয়ের ঘটনার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ঘৃণিত কাজটির জন্য শাস্তিও ভোগ করেছেন এই পেসার। তবুও তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছেন না রমিজ রাজা। পাকিস্তানের সাবেক অধিনায়ক বললেন, এমন কাণ্ড ঘটালে নিজের ছেলের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতেন তিনি।

রমিজের এমন কঠোর কথা বলার কারণ আমিরের পাকিস্তান দলে আরও একবার ফেরার সম্ভাবনা তৈরি হওয়া। অবসর ভেঙে কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেওয়া এই ক্রিকেটার এখন দলের সঙ্গে কাবুলে ক্যাম্প করছেন। যা মানতেই পারছেন না রমিজ।

২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিং করার পর এবারই প্রথম পাকিস্তান দলে ফিরতে যাচ্ছেন আমির, তা কিন্তু নয়। পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও কয়েক মাসের কারাদণ্ড ভোগ করার পর ২০১৬ সালে জাতীয় দলে ফেরেন তিনি। তাকে ফেরানোয় তখন পাকিস্তান বোর্ডের কম সমালোচনা হয়নি। পরের বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদানও রাখেন আমির। ফাইনালে ভারতকে ১৮০ রানে হারানোর ম্যাচে স্রেফ ১৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তার শিকার ছিলেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শার্মা, শিখার ধাওয়ান ও ভিরাট কোহলি।

এরপর ২০২০ সালের ডিসেম্বরে ‘টিম ম্যানেজমেন্টের মানসিক নির্যাতন’ ও প্রচণ্ড চাপকে কারণ দেখিয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৬ টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা আমির। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে গত মাসে অবসর থেকে ফেরার ঘোষণা দেন তিনি।

এখন পাকিস্তান দলের সঙ্গে ফিটনেস ক্যাম্প করছেন আমির। ফিক্সিং করা এমন একজন ক্রিকেটারকে বারবার জাতীয় দলে ফেরার সুযোগ করে দেওয়া কোনোভাবেই মানতে পারছেন না রমিজ।

“এ বিষয়ে আমার মতামত খুবই সহজ। তার (আমির) জন্য সহানুভূতি থাকলেও, আমার কাছে কোনো ক্ষমা নেই। সৃষ্টিকর্তা না করুক, আমার ছেলে যদি এ ধরনের কাজ করে, তাহলে আমি তাকে ত্যাজ্য করব।”

“আমার ওই সময়ের কথা মনে আছে, যখন এই খেলোয়াড়রা ফিক্সিং করেছিল। কারণ, আমি তখন লর্ডসে ধারাভাষ্য দিচ্ছিলাম। মানুষ আমাকেও ঘৃণা করত, কারণ তাদের মতে, ফিক্সারদের সঙ্গে আমাকেও দেখা গেছে। গণমাধ্যমে আমরা যে সমালোচনার মুখোমুখি হয়েছিলাম তা আমি কখনই ভুলতে পারব না।”

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। টুর্নামেন্টে পাকিস্তান তাদের পথচলা শুরু করবে ৬ জুন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তাদের লড়াই ৯ জুন।

 

আরও পড়ুন: শাহীনকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য বাবরের

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net