বুধবার, মার্চ ১১, ২০২৬

বাফুফে বসের সমালোচনা মেনে নিয়ে পরবর্তী পরিকল্পনা করবেন কোচ কাবরেরা

বাংলাদেশের সর্বশেষ দুটি ম্যাচের পর। যেখানে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে প্রথম ম্যাচটিতে ৫–০ গোলে ও ঢাকায় দারুণ লড়েও শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে।

by ঢাকাবার্তা ডেস্ক
Bangladesh national football coach Cabrera

মোত্তাকিন মুন,ঢাকা:

বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার সমালোচনা করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বস কাজী সালাউদ্দিন। কারণ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশের ভরাডুবি। তখন বাফুফে বসের  সমালোচনার কোনো প্রতিক্রিয়া না দিয়েই নিজ দেশে ছুটি কাটাতে ফিরে যান স্প্যানিশ কোচ । ছুটি শেষে ঢাকায় ফিরে আজ সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বলেছেন, বাফুফে সভাপতির সমালোচনাকে তিনি মেনে নিয়ে ‘স্বাভাবিক’ ভাবে দেখে পরবর্তী পরিকল্পনা সাজাতে চান তিনি।

বাংলাদেশের সর্বশেষ দুটি ম্যাচের পর। যেখানে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে প্রথম ম্যাচটিতে ৫–০ গোলে ও ঢাকায় দারুণ লড়েও শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে। এ দুটি ম্যাচের পর কাজী সালাহউদ্দিন কিংস অ্যারেনায় বলেছিলেন, কাবরেরার কৌশলে খুশি নন তিনি।  কাবরেরার চাকরি নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঢাকার প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে বাফুফে ভবনের লনে সাংবাদিকদের সামনে দাঁড়ান কাবরেরা। ভীষণ গরমে নাকাল তিনিও, প্রথমেই গরম নিয়ে প্রতিক্রিয়ায় বলেন ‘বাংলাদেশে আসার পর এত গরম পাইনি। আমার মনে হয় যতদিন এদেশে আছি, এবারই সবচেয়ে বেশি গরম দেখছি। খুবই কঠিন অবস্থা। এমন গরমে আগে কখনো থাকিনি।’

জুনেই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ দুটি ম্যাচে খেলবে বাংলাদেশ। ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় আর ১১ জুন লেবাননের বিপক্ষে। ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহায় হবে।

আজ বাফুফে ভবনে সেসব নিয়েই কথা বলেছেন কোচ। পুরো বিষয়টিকে দেখছেন স্বাভাবিকভাবেই, ‘তিনি বাফুফের সভাপতি। তিনি সমালোচনা করার অধিকার রাখেন। আমাদের মধ্যে এর পরেও কথা হয়েছে। আমরা আলোচনা করেছি দল নিয়ে, আমি তার সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটিই দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখবো।’

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির আগে বেশিদিন অনুশীলনের সুযোগ পাবে না জামালরা। কারণ প্রিমিয়ার লিগ। সেটি শেষ হবে ২৯ মে। কাবরেরা তাই বলেছেন, ‘এবার আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫টি অনুশীলন সেশন করবো আমরা। ক্যাম্প হবে সাধারণ, যেমনটা হয় আরকি। তবে বিশেষ কিছু করার সুযোগ নেই। ২৯ মে লিগ শেষ হওয়ার পর বিশ্রাম নিয়ে খেলোয়াড়েরা ১ জুন রিপোর্ট করবে, ২ জুন থেকে ক্যাম্প শুরু করে দিতে চাচ্ছি। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খেলেই আমরা কাতারে যাবো। সেখানে কয়েকটি ট্রেনিং সেশন হবে। সময়ের অভাবে এ দুটি ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কিংবা কোনও ধরনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই।’

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে কাবরেরা বলেছেন, ‘নতুন মুখ দেখা যেতেই পারে। প্রিমিয়ার লিগে আরও ৫টি করে ম্যাচ আছে সব দলের। দেখা যাক নতুনেরা বিশেষ কোনও পারফরম্যান্স করে কিনা। আমার দলে সৌদি আরবের ক্যাম্পে কয়েকজন নতুন প্রতিভাবান খেলোয়াড় ছিল। আমি তাদেরও দেখবো। সামনে লিগের ম্যাচ আছে, ফেডারেশন কাপ আছে। দেখা যাক বিশেষ কোনও পারফরম্যান্স মেলে কিনা।’

মার্চ মাসে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে কাবরেরার মূল্যায়ন, ‘আমরা প্রথম ম্যাচে (কুয়েতের ম্যাচটিতে) আগ্রাসী ফুটবল খেলা শুরু করেছিলাম। খুব দ্রুতই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। বেশি আক্রমণাত্মক হওয়ার কারণেই ভুল করেছি। ফিলিস্তিন অনেক ভালো দল, শক্তিশালী দল। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, শেষ মুহূর্তের গোলে হেরেছি। আমার দৃষ্টিতে দল হারলেও উন্নতি করছে, আমি ইতিবাচক।’

 

আরও পড়ুন: চূড়ান্ত হলো লেবাননের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net