বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ব্যাটে ফিলিস্তিনের পতাকা, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা

রোববার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম

by ঢাকাবার্তা ডেস্ক
ব্যাটে ফিলিস্তিনের পতাকা, পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা

খেলা ডেস্ক।।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরিটি ইসরায়েলি আগ্রাসনে নিহত ‘ফিলিস্তিনের ভাইবোন’দের উৎসর্গ করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’ সে সময় রিজওয়ানের পক্ষে–বিপক্ষে কথা বলেছেন অনেক। যদিও সে আলোচনা বেশি দূর এগোয়নি।

রিজওয়ানকেও এ ঘটনায় পড়তে হয়নি কোনো বিপাকে। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের মতো ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে পার পাননি দেশটির সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।

রিজওয়ানের মতো মাঠের বাইরে নয়, আজম ফিলিস্তিন–ইসরায়েল ইস্যু সরাসরি মাঠেই নিয়ে এসেছেন। ঘটনাটি ঘটেছে ন্যাশনাল টি–টোয়েন্টি কাপে করাচি হোয়াইটস বনাম লাহোর ব্লুজের ম্যাচে। রোববার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম। তবে এ ঘটনাকে সহজভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির আইনশৃঙ্খলা–বহির্ভূত হওয়ার কারণেই মূলত শাস্তি দেওয়া হয়েছে আজমকে। এ ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে।

আম্পায়ার অবশ্য এদিন আজমকে ব্যাটে ফিলিস্তিনের পতাকা না লাগানোর নির্দেশ দিয়েছিলেন। তবে আম্পায়ারের নির্দেশ না মেনে পতাকা লাগিয়েই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম। যার ফলে এখন জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। শুধু অবশ্য জরিমানা করেই আজমকে ছাড় দেয়নি পিসিবি। পাশাপাশি তাঁকে হুমকিও দিয়ে রেখেছে। যদি সামনের ম্যাচে স্টিকার লাগিয়ে খেলতে নামেন, তবে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে তাঁকে।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারিকে আজম জানিয়েছেন তাঁর সবগুলো ব্যাটেই একই ধরনের স্টিকার লাগানো আছে। যদিও আইসিসির নিয়মে জামাকাপড় এবং অন্য সরঞ্জামে খেলোয়াড়দের রাজনৈতিক, ধর্মীয় এবং বর্ণবাদী প্রচারণার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এ কারণেই মূলত তাঁকে কড়া শাস্তি দিতে হয়েছে পিসিবিকে। আজমকে শাস্তি দেওয়ার ঘটনা অবশ্য মানতে পারছেন না অনেক পাকিস্তানি।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ তো পিসিবিকে বয়কটের ডাকও দিয়েছেন। সাকলাইন খান নামের একজন হ্যাশট্যাগ বয়কট পিসিবি দিয়ে লিখেছেন, ‘পিসিবির লজ্জা পাওয়া উচিত।’ হাসান রাজা নামের অন্য এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘আজমের জন্য আমার শ্রদ্ধা।’ অন্য এক সমর্থক তো সরকারের প্রতি পিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

 

আরও পড়ুন: বিসিবি ছাড়ার ঘোষণা দিয়ে রাখলেন পাপন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net