বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই : রিজভী

by ঢাকাবার্তা
রুহুল কবীর রিজভী

স্টাফ রিপোর্টার ।। 

‘আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন’ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভোটারদের ভোটের প্রয়োজন হয় না। ফলাফল নির্ধারিত থাকে, সেটিই ঘোষিত হয়। এ কারণে ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই।

আজ বুধবার বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

উপজেলা পরিষদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে রুহুল কবির রিজভী যে দাবি করেন, এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখড়া। এমনও দেখা যাচ্ছে, ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে এক শ বিঘার বেশি জমির মালিক হয়েছেন। অথচ আইন অনুযায়ী, ৬০ বিঘার বেশি জমি থাকতে পারে না।’

বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, যাঁরা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন, তাঁদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে ৩ হাজার শতাংশের বেশি। কারও আয় বেড়েছে ১ হাজার শতাংশের বেশি। গাইবান্ধায় একজন প্রার্থীর আয় বেড়েছে ৪ হাজার শতাংশ। তিনি আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতিশালে হাতি ও ঘোড়াশালে ঘোড়ার কোনো অভাব হয় না। সুতরাং আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net