শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

শ্রীলঙ্কার অপেক্ষা বাড়িয়ে ‘প্রথম’ জয় অস্ট্রেলিয়ার

ওয়ানডে বিশ্বকাপ

by ঢাকাবার্তা ডেস্ক
শ্রীলঙ্কার অপেক্ষা বাড়িয়ে 'প্রথম' জয় অস্ট্রেলিয়ার

খেলা ডেস্ক।।

টানা দুই হারে বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। প্রথম জয়ের খোঁজে আজ মুখোমুখি হয়েছিল দুই দল। লঙ্কানদের অপেক্ষা দীর্ঘায়িত করে প্রথম জয়ের স্বাদ পেলো অজিরা। কুশাল মেন্ডিসদের ৫ উইকেটে হারালো প্যাট কামিন্সরা।

আজ লখনৌয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২০৯ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন ওপেনার কুশাল পেরেরা। ৮২ বলে ১২ বাউন্ডারিতে ৭৮ রান করেন তিনি। আরেক ওপেনার পাথুন নিশঙ্ক’র সংগ্রহ ৬১ রান। ২৫ রান করেন চারিথ আসালাঙ্কা। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

৮ ওভারে ৪৭ রানের খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ৮৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে অস্ট্রেলিয়া। অজিদের ইনিংসে সর্বোচ্চ রান করেন জশ ইংলিস।

৫৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৮ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ওপেনার মিচেল মার্শও ফিফটি হাঁকান। ৫১ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করেন তিনি। এছাড়া মার্নাস লাবুশেন ৪০, গ্লেন ম্যাক্সওয়েল ৩১* এবং মার্কাস স্টয়নিস ২০* রান করেন। দিলশান মাদুশঙ্কা ৯ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি উইকেট পান দুনিথ ওয়াল্লালেগে।

এই জয়ে ২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লীগ টেবিলের আটে উঠে এসেছে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারা শ্রীলঙ্কার অবস্থান নয়ে। তিন ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সাতে থাকা বাংলাদেশের পয়েন্টও ২।

 

আরও পড়ুনঃ লিটনের সাংবাদিক বের করে দেওয়ার ঘটনা দেশের জন্য ‘লজ্জাজনক’, বিসিবি ‘দুঃখিত’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net