বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

১৩৭ রানে হেরে সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩৬৫ রানের নিচে চাপা পড়ার ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন সাকিব

by ঢাকাবার্তা ডেস্ক
১৩৭ রানে হেরে সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

হারটা বড় ব্যবধানেই হয়েছে বাংলাদেশের। এভাবে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পরও সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’ বাংলাদেশ অধিনায়ক বড় হারের ম্যাচেও ‘ইতিবাচক’ ব্যাপারগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন।

ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে, সেটি অনুমিতই ছিল। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৩৬৫ রানের নিচে চাপা পড়ার ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন সাকিব এভাবে, ‘টসে জিতেছিলাম। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’

ইংলিশদের ৩৬৫ রান সেভাবে তাড়াও করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে লড়াইটাও হয়নি। সাকিব সোজা-সাপ্টাই বলেছেন, ‘শুরুতে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম।’

ম্যাচে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন না হওয়া নিয়ে আক্ষেপ বাংলাদেশ অধিনায়কের, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’

বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।’

আরও পড়ুনঃ ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net