বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন লিওনেল স্কালোনি!

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হঠাৎ করেই বিদায়ের ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির

by ঢাকাবার্তা ডেস্ক
রিয়াল মাদ্রিদে যাচ্ছেন লিওনেল স্কালোনি!

খেলা ডেস্ক।।

দীর্ঘ ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ের পেছনের কারিগর লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের পরও জাতীয় দলের সঙ্গেই ছিলেন এই আর্জেন্টাইন। তবে হঠাৎ করেই পদত্যাগের ইঙ্গিত দেন তিনি। তার এই ইঙ্গিতের পর থেকেই তাকে পেতে নড়েচড়ে বসেছে ক্লাবগুলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, স্কালোনিকে পেতে হাত বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় তাকে পেতে এর মধ্যেই তোড়জোড় শুরু করেছে দিয়েছে ‘লস ব্লাঙ্কোস’রা। স্পোর্তের ভাষ্য, স্কালোনির সঙ্গে আলোচনাও চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হঠাৎ করেই বিদায়ের ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে সম্পর্কের অবনতি হয়েছে স্কালোনির। তাই তিনি কোচের চেয়ারে আর থাকতে চাচ্ছেন না।

বুধবার (২২ নভেম্বর) ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি ভবিষ্যতে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি বিদায় নয়, তবে এই দলটি এখন অনেক উঁচুতে। তাদের দায়িত্ব সামলাতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া কঠিব হবে। সময় এসেছে ভাবার। এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যিনি পরিপূর্ণভাবে দলকে সামলাতে পারবে।’

উল্লেখ্য, স্কালোনির অধীনেই বদলে যেতে শুরু করে আর্জেন্টিনা।  তিনি দায়িত্ব নিয়েছিলেন একটা হারের ভেতর দিয়ে। তারপর লিওনেল মেসিকে কেন্দ্র করে তারুণ্য নির্ভর দল নিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকা জিতে পা রাখেন কাতার বিশ্বকাপে। কাতারেও করেন বাজিমাত।

 

আরও পড়ুন: আর্জেন্টিনাকে বিদায়ের ইঙ্গিত দিলেন স্কালোনি

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net