ডেস্ক রিপোর্ট ।।
দীর্ঘ এক দশক ধরে চলা তদন্ত ও বিচার শেষে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি অবশেষে মামলা থেকেও মুক্তি পেলেন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ফেডারেল প্রসিকিউটররা এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন।
সুইস অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, আপিল কোর্টের রায় দুই সাবেক ফুটবল প্রশাসকের পক্ষে যাওয়ায় তারা আর মামলাটি পুনর্বিবেচনার আবেদন করবেন না। প্রসিকিউটরদের ভাষায়, “এই রায় মেনে নেওয়ার মাধ্যমে ফুটবলের জটিল আইনি অধ্যায়ের একটি পরিসমাপ্তি ঘটল।”
২০২২ সালে ব্ল্যাটার ও প্লাতিনির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অভিযোগ ছিল—প্রতারণা, জালিয়াতি, অব্যবস্থাপনা এবং ফিফা থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ আত্মসাৎ।
এই অর্থ ২০১১ সালে প্লাতিনিকে দেওয়া হয়েছিল, যা ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের যৌথ তদন্তে সামনে আসে। তদন্তকারীরা দাবি করেছিলেন, ব্ল্যাটার ও প্লাতিনি যোগসাজশ করে ফিফার কোষাগার থেকে এই অর্থ তুলে নিয়েছিলেন।
যদিও আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও এই ঘটনা বিশ্ব ফুটবলে তীব্র আলোড়ন সৃষ্টি করে। ব্ল্যাটারকে ফিফা সভাপতির পদ ছাড়তে হয়, আর প্লাতিনির ফিফা নেতৃত্বে আসার স্বপ্ন ভেঙে যায়।
ফ্রান্সের সাবেক অধিনায়ক প্লাতিনির ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা তাঁর প্রশাসনিক ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে।
২০১৬ সালের নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো ফিফার সভাপতি এবং আলেক্সান্দার সেফেরিন উয়েফার সভাপতি নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে ফুটবলের প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানো হয়।
