শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সেরা তাইজুল

এবার আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও ‘পুরস্কার’ পেয়েছেন তাইজুল। টেস্টে বোলারদের মধ্যে মধ্যে এগিয়েছেন আট ধাপ

by ঢাকাবার্তা ডেস্ক
র‍্যাঙ্কিংয়ে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের সেরা তাইজুল

খেলা ডেস্ক।।

প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট—সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। কিউইদের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ে ১০ উইকেট নিয়ে বড় অবদান রাখায় ম্যাচসেরাও হন এই বাঁহাতি স্পিনার।

এবার আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও ‘পুরস্কার’ পেয়েছেন তাইজুল। টেস্টে বোলারদের মধ্যে মধ্যে এগিয়েছেন আট ধাপ। এর চেয়েও বড় অর্জন, বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এখন তাইজুলের। ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় সাকিব আল হাসানের বোলিং রেটিং পয়েন্ট উঠেছিল ৭০৫-এ। ছয় বছরের বেশি সময় পর সেই সংখ্যা ছাড়িয়ে তাইজুলের রেটিং পয়েন্ট এখন ৭০৮।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং অর্জনের মাধ্যমে ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিংয়েও উঠেছেন তাইজুল। ৩১ বছর বয়সী এই স্পিনার ২২ থেকে উঠে এসেছেন ১৪ নম্বরে। টেস্টে এটিই তাঁর ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিং। যদিও সাকিব সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিলেন ২০১১ সালের নভেম্বরে।

১৩ ধাপ এগিয়েছেন শান্ত।। ঢাকাবার্তা।।

১৩ ধাপ এগিয়েছেন শান্ত।। ঢাকাবার্তা।।

ক্যারিয়ার-সেরা র‍্যাঙ্কিংয়ে উঠেছেন নাজমুল হোসেনও। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করা এ বাঁহাতি ব্যাটসম্যান এগিয়েছেন ১৩ ধাপ। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের অবস্থান ৪২ নম্বরে, যেটি তাঁরও ক্যারিয়ার-সেরা। সিলেটে একটি অর্ধশতকসহ ৭৯ রান করা মুশফিকুর রহিম ২০ নম্বরে উঠে এসেছেন চার ধাপ এগিয়ে।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দিকে তেমন কোনো পরিবর্তন নেই। শীর্ষে তিনে জায়গা ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। বোলারদের মধ্যে শীর্ষ দুটি জায়গায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার অবস্থানও অপরিবর্তিত। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে অবশ্য পরিবর্তন এসেছে। আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে এক নম্বর বোলার হয়েছেন ভারতের রবি বিষ্ণয়। ২৩ বছর বয়সী  লেগ স্পিনারকে জায়গা করে দিয়ে রশিদ দুইয়ে নেমে গেছেন। তিন নম্বরে যৌথভাবে আছেন আরও দুই লেগ স্পিনার—ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net