বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মুশফিকুর রহিমের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের

সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা যুব বিশ্বকাপ জয়ী দলের এই ব্যাটার এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেকের অপেক্ষায়!

by ঢাকাবার্তা ডেস্ক
মুশফিকুর রহিমের ইনজুরিতে ভাগ্য খুললো হৃদয়ের

খেলা ডেস্ক।।

ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ক্রিকেটারের ইনজুরিতে ভাগ্য খুলেছে তাওহীদ হৃদয়ের। সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা যুব বিশ্বকাপ জয়ী দলের এই ব্যাটার এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাটে অভিষেকের অপেক্ষায়! বুধবার (২০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াডে মুশফিকের বদলি হিসেবে তাওহীদকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩০ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ২১ বছর বয়সী তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের পরিসংখ্যান বেশ উজ্জ্বল। ১৪ ম্যাচের ২০ ইনিংসে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি।গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে কিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে তার। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান। তাকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। পরবর্তীকালে স্ক্যান রিপোর্টে দেখা যায়, মুশফিকের আঙুলে চিড় ধরেছে। ফলে গোটা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

আগামী শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। পরের টেস্টটি চট্টগ্রামে, ৩০ মার্চ।

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

 

আরও পড়ুন: ভাইরাল ফোনকল নিয়ে জন্মদিনে লাইভে এসেছেন তামিম

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net