স্টাফ রিপোর্টার ।।
রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে, যার ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রাত ৯টার পর সংঘর্ষের এই ঘটনা ঘটে, যেখানে ছাত্রদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা পালাতে বাধ্য হন। পরিচয় এড়াতে তাদের অনেকেই শার্ট খুলে স্যান্ডো গেঞ্জি পরে দৌড়ে পালাতে দেখা গেছে।
ঘটনার সূত্রপাত হয় যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামসহ কয়েকজনকে আটকে রেখেছেন আনসার সদস্যরা— এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় জড়ো হন। সেখানে তাঁরা আনসার সদস্যদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

বাংলাদেশ আনসার ও ভিডিপি
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে আনসার সদস্যরা রাত পৌনে দশটার দিকে পিছু হটতে বাধ্য হন। শিক্ষার্থীরা এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ দুপুরে তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
