ডেস্ক রিপোর্ট ।।
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লীগ বাতিল করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর জয় শাহ কঠোর পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে আর টি-টোয়েন্টি ও টি-টেন লীগ আয়োজন করতে পারবে না যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। আইসিসি এই সিদ্ধান্তের কথা যুক্তরাষ্ট্রের ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো লীগের প্রথম একাদশে অন্তত সাত জন স্থানীয় ক্রিকেটার থাকতে হবে। কিন্তু আমেরিকার লীগে এই নিয়ম মানা হয়নি। পাশাপাশি বেশ কিছু অনুমতি সংক্রান্ত নীতিও লঙ্ঘন করা হয়েছে। এ কারণেই এই লীগ বাতিল করা হয়েছে।
আমেরিকার এই লীগের সঙ্গে যুক্ত ছিলেন ওয়াসিম আকরাম, ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি, এবং এর অংশীদার ছিলেন সচিন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্ব। তবে লিগ পরিচালনায় বড় ধরনের সমস্যার মুখোমুখি হয় আইসিসি।
পিচ ও ভিসা নিয়ে বিতর্ক
এই লীগে পিচের মান খুবই নিম্ন ছিল। ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছিল স্পিন বল করতে, যাতে ব্যাটাররা চোট না পান। এ ছাড়া, অনেক বিদেশি ক্রিকেটারের স্পোর্টস ভিসা ছিল না, যা নিয়মবিরুদ্ধ। স্পোর্টস ভিসার খরচ প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। তবে এই খরচ এড়াতে যুক্তরাষ্ট্রের লীগ কর্তৃপক্ষ অনৈতিক পথ বেছে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আইসিসি জানিয়েছে, মাঠের ভেতরে ও বাইরে এই লীগে নানা ধরনের সমস্যা ছিল। তাই আমেরিকার ক্রিকেট লীগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
