বিনোদন ডেস্ক ।।
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে যোগাযোগ করা হলে তাহসান জানান, ‘সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।’ আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তাহসান ও রোজার একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্ত ও বিনোদন অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান।’
জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্কে পড়াশোনা শেষ করে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি নিউইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেছেন এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়।
২০০৬ সালের ৭ আগস্ট তাহসান ও মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের ৪ অক্টোবর তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।
তাহসানের নতুন বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সন্ধ্যায় বিস্তারিত জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।






