স্টাফ রিপোর্টার ।।
১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আজ মঙ্গলবার (৬ মে) সকালে তিনি ঢাকায় অবতরণ করবেন। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত তাঁর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। তাঁর সঙ্গে রয়েছেন ছোট ননদ, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান জোবাইদা রহমান। সেই থেকে প্রায় দুই দশক তিনি ছিলেন স্বদেশের বাইরে। দেশে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিতে তাঁর প্রয়াত পিতার বাসভবন ‘মাহবুব ভবনে’ উঠবেন, যা এখন সাজানো হচ্ছে তাঁর আবাসের উপযোগী করে।
বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, গার্ডরুম এবং ফুলের বাগান। পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে আর্চওয়ে স্ক্যানার স্থাপনেরও অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মাহবুব ভবন পরিদর্শন করেছেন। বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (CSF) সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেবেন।
২০০৮ সালে দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় ২০২৩ সালে জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ওই সাজা স্থগিত হয়। ফলে দেশে ফেরার পথ খুলে যায় তাঁর জন্য।

হিথ্রো বিমানবন্দরে খালেজা জিয়াকে বিদায় দিচ্ছেন তারেক রহমান
জোবাইদা রহমান পেশাগতভাবে একজন চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএসে প্রথম হয়ে সরকারি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি বাংলাদেশের তৃতীয় নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি ওসমানীর ভাতিজি।
এদিকে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালেই তাঁকে সরাসরি শাহজালাল বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজায় নেওয়া হবে। ফিরোজার চারপাশেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
তবে আজকের দিনে বিএনপি নেত্রীর দেশে ফেরার খবরের পাশাপাশি নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দীর্ঘদিন পর ফিরে আসা জোবাইদা রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই প্রত্যাবর্তন ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী হতে পারে।
