বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় মির্জা ফখরুলের গভীর উদ্বেগ

by ঢাকাবার্তা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্টাফ রিপোর্টার ।।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বুধবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ফের দেশে অস্থিতিশীলতা তৈরির অপতৎপরতা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, এমনকি পুলিশ সদস্যদের আহত করা সেই ষড়যন্ত্রেরই অংশ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে সরকারি দলের দোসররা অন্তর্বর্তী সরকারের অবস্থান দুর্বল করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এই নৈরাজ্য দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

বিবৃতিতে মির্জা ফখরুল সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দলমতনির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে। তা না হলে দেশ আবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকির মুখে পড়বে।”

তিনি হামলায় আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনাও করেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net