শনিবার, মার্চ ১৪, ২০২৬

মাফিয়াতন্ত্র-পরিবারতন্ত্র উচ্ছেদের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

by ঢাকাবার্তা
নাহিদ ইসলাম। ছবি, রাজিব ধর

কক্সবাজার প্রতিনিধি ।।

মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র ও গডফাদারতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ হবে জনগণের ও গণতান্ত্রিক বাংলাদেশ।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে কক্সবাজারবাসীর প্রতি উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, “সমুদ্রের সঙ্গে সংগ্রাম করে আপনাদের জীবন চলে। সংগ্রামের অপর নাম কক্সবাজার। আমরা এসেছি আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে।”

তিনি অভিযোগ করেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। “পর্যটনের নামে লুটপাট হয়েছে। আমরা চাই, পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা হোক।”

ফ্যাসিবাদের আমলে কক্সবাজার মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য ছিল বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও তেমন গডফাদার ছিল। শেখ হাসিনার সময় ছোট ছোট গডফাদার সারা দেশে ছড়িয়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের পতন ঘটিয়েছি। আর নতুন করে দেশে কোনো গডফাদার তৈরি হতে দেব না।”

তিনি কক্সবাজারে যদি নতুন গডফাদারের উত্থান ঘটে, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক দায় রয়েছে। তবে তাদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে যেন কক্সবাজারবাসীর অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।”

রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা করুন।”

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net