বুধবার, মার্চ ১১, ২০২৬

‘আমি শহীদ জিয়ার সৈনিক, তারেক জিয়া আমার নেতা, ধানের শীষই আমার ঠিকানা’

সুনামগঞ্জ-১ আসনের প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও সমর্থকদের আস্থা ও দৃঢ় প্রতিজ্ঞা অব্যাহত

by ঢাকাবার্তা
পথসভায় বিএনপির কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি । 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার এক পথসভায় বিএনপির কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জনগণকে যেকোনো মূল্যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক; তারেক জিয়া আমার নেতা। শহীদ জিয়ার ধানের শীষই আমার ঠিকানা।”

মাহবুবুর রহমান সুনামগঞ্জ-১ আসনের প্রাথমিক মনোনয়ন তালিকায় বাদ পড়েন। এই খবর পেয়ে নিজ বাড়িতে ফিরে হাজির হওয়া হাজারো সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চূড়ান্ত তালিকায় যোগ্য প্রার্থীদের মূল্যায়ন করে দল মনোনয়ন প্রদান করবে।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছি, কখনো পিছিয়ে যাইনি। গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা ছিঁড়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।”

মনোনয়ন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, “আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনাদের ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করব। শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।”

তিনি গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের প্রতীক হিসেবে ধানের শীষকে উল্লেখ করে হাওরাঞ্চলে ৩১ দফা ও ধানের শীষের প্রচারে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করার উল্লেখ করেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মাহবুবুর রহমান আরও বলেন, “নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।”

তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করব।”

পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net