বুধবার, মার্চ ১১, ২০২৬

হত্যাচেষ্টা মামলা : শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছে আদালত

by ঢাকাবার্তা
শমী কায়সার। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।। 

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সাদিকুজ্জামান মঙ্গলবার (৮ এপ্রিল) শমী কায়সারকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) আজমপুর এলাকায় মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২২ আগস্ট জুবায়ের বাদী হয়ে ১১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যেখানে শমী কায়সার সন্দিগ্ধ আসামি।

এর আগে, গত ৮ ডিসেম্বর শমী কায়সার এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন এবং তিন মাসের জামিন পান। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেন। এছাড়া, গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়।

শমী কায়সার। ফাইল ফটো

শমী কায়সার। ফাইল ফটো

শমী কায়সার (জন্ম ১৫ জানুয়ারি ১৯৭০) নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি টেলিভিশন নাটক যেমন নক্ষত্রের রাত, নীতু তোমাকে ভালোবাসি, এবং চলচ্চিত্র হাছন রাজা (২০০৩) ও লালন (২০০৪)-এ অভিনয়ের জন্য পরিচিত। তিনি ১৯৯৭ সালে ধানসিঁড়ি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তবে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তার অবস্থান বিতর্কের জন্ম দিয়েছে। গত বছর ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর ১৪ আগস্ট তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

শমী কায়সারের বাবা শহীদুল্লাহ কায়সার এবং মা পান্না কায়সার, যিনি একজন লেখিকা ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (১৯৯৬-২০০১)। পান্না কায়সার ২০১৫ সালের ফেব্রুয়ারি তে শাহাবাগে গনজাগরণ মঞ্চের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছিলেন ‘খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধার স্ত্রী ভাবতে ঘৃণা হয়’। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য পান্না কায়সার ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ৪ আগস্ট ২০২৩ তারিখে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পান্না কায়সার।

পশ্চিমবঙ্গের পরিচালক রিঙ্গো ব্যানার্জিকে ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন শমী কায়সার। সে বিয়ে টিকেছিলো ২ বছরেরও কম সময়। পরবর্তীতে তিনি ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ এ আরাফাতের (পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হয়েছিলেন) সঙ্গে, ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে শমী কায়সার ব্যবসায়ী রেজা আমিন সুমনের স্ত্রী।

গত ৭ ফেব্রুয়ারি ২০২৪, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন শমী কায়সার।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net