মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পদক্ষেপ গ্রহণ

ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার আহ্বান

by ঢাকাবার্তা
ঢাকা দক্ষিণের নগর ভবন

স্টাফ রিপোর্টার ।। 

চলতি বছরের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কম থাকলেও সম্প্রতি ডেঙ্গু প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

এক জরুরি সভা আজ বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসক মো. মাহমুদুল হাসান এনডিসি’র সভাপতিত্বে ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে ওয়ার্ড ভিত্তিক তদারকি টিম গঠন ও এ্যাডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ঔষধের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই টিম ওষুধ প্রয়োগের সময়সূচি প্রণয়ন ও কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে।

ডেঙ্গু আক্রান্তের হার বিবেচনায় এলাকায় হটস্পট চিহ্নিত করে হটস্পট ভিত্তিক চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, “এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।”

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, “ঔষধ প্রয়োগ ও পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ধর্মীয় স্থানে ডেঙ্গু প্রতিরোধ বার্তা প্রচার করা হচ্ছে। এলাকা ভিত্তিক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নতুন উদ্যমে শুরু হবে।”

ডিএসসিসি এলাকায় ডেঙ্গু সন্দেহ হলে তিনটি হাসপাতাল — ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল ও নাজিরা বাজার মাতৃসদন — বিনামূল্যে পরীক্ষা সেবা দেবে। এছাড়া ডেঙ্গু সম্পর্কিত তথ্য জানাতে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net