শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

ঢাকায় ৫ দিনব্যাপী ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী শুরু

পাকিস্তানের বিভিন্ন শিল্পখাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্যসহ এতে অংশ নিয়েছে

by ঢাকাবার্তা
ঢাকায় ৩য় বারের মতো মেড ইন পাকিস্তান প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ।। 

তৃতীয়বারের মতো বাংলাদেশে শুরু হলো ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী। আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছে পাকিস্তানের বিভিন্ন শিল্পখাতের ১০০টিরও বেশি প্রতিষ্ঠান, যাদের মূল লক্ষ্য বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি করা।

প্রদর্শনীর উদ্বোধন করেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও সিইও হাসান আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির (পিএইআই) চেয়ারম্যান ফাহাদ বারলাস। তিনি বলেন, “তৃতীয়বারের মতো বাংলাদেশে এ আয়োজন করা হলো। দীর্ঘ বিরতির পর আবারও এমন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হয়েছে। আয়োজকদের ভাষ্যমতে পাকিস্তানের শতাধিক কোম্পানি পোশাক, খাদ্য, অ্যাক্সেসরিজসহ নানা খাতের পণ্য প্রদর্শন করছে। যদি এফটিএ বা পিটিএ বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত দ্বিগুণ হবে।”

অনুষ্ঠানে পিএইআই-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এম. খুরশিদ বারলাস আঞ্চলিক বাণিজ্য জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক মিল থাকলেও আঞ্চলিক বাণিজ্য এখনও সীমিত। অথচ ভোক্তা বাজার বিশাল। যথাযথ উদ্যোগ নিলে বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য এক বছরের মধ্যে দশগুণ বৃদ্ধি সম্ভব।”

রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট উসমান শওকত যৌথ উদ্যোগ ও সমৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, “এটি শুধু বাণিজ্যমেলা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পর্যটন, সেবা খাত ও ফিনটেকেও সহযোগিতার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা চাই এই বাণিজ্যিক সহযোগিতা আরও গভীর হোক।”

মূল বক্তা হিসেবে ইপিবি চেয়ারম্যান হাসান আরিফ বলেন, “দক্ষিণ এশিয়ার বাণিজ্যে এখনও অগণিত সম্ভাবনা আছে। বাংলাদেশ বর্তমানে মাত্র ৬০টি দেশে চার বিলিয়ন ডলার রপ্তানি করে, যা মোট রপ্তানির মাত্র চার শতাংশ। পাকিস্তানি উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে নতুন অনেক সম্ভাবনার দিক উঠে এসেছে। এখনই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর উপযুক্ত সময়।”

প্রদর্শনীতে তৈরি পোশাক, কসমেটিকস, ক্রীড়াসামগ্রী, গয়না, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নানা পণ্য প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের উদ্ভাবনী ও গতিশীল ব্যবসায়ের প্রতিনিধিত্ব করছে।

প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত হয়েছে “Pakistan-Bangladesh Business Opportunities Conference”, যেখানে দুই দেশের ব্যবসায়ী নেতারা ভবিষ্যৎ সহযোগিতা, যৌথ উদ্যোগ ও বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা পাকিস্তানি কোম্পানির সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাচ্ছেন, যা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল করবে বলে আয়োজকরা আশাবাদী।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের ভাষ্যে, এটি শুধু বাণিজ্য নয়, বরং দুই দেশের শিল্প, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net