স্টাফ রিপোর্টার ।।
রাজধানী ঢাকায় শনিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি এখন রূপ নিয়েছে মুষলধারে বর্ষণে। তিন ঘণ্টা আগেও আকাশ মেঘলা থাকলেও এখন টানা বৃষ্টিতে শহরের জীবনযাত্রা একেবারে স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই ভারী বৃষ্টি নামছে, যা আরও কিছু সময় স্থায়ী হতে পারে।
প্রবল বৃষ্টির কারণে রাজধানীর নাজুক ড্রেনেজ ব্যবস্থার চিত্র আবারও প্রকাশ পেয়েছে। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ঢাকার অনেক সড়কে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। মিরপুর, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, বাড্ডা ও মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও দোকান ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। যদিও ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল, তবুও বৃষ্টির সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল হয়ে পড়ায় বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। খিলগাঁও, শান্তিনগর, ফার্মগেট, সায়েন্সল্যাব ও কারওয়ান বাজার এলাকায় দীর্ঘ যানজট দেখা গেছে। জমে থাকা পানির কারণে গাড়ির গতি কমে যায়, আর যাত্রীরা পড়েন দুর্ভোগে।
এদিকে বৃষ্টিতে সিএনজি, রিকশা ও রাইডশেয়ার যানবাহনের ভাড়া বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বৃষ্টির পানিতে ভিজে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ফলে নাগরিকদের ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে।
