স্টাফ রিপোর্টার ।।
ঢাকায় মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অবিলম্বে আক্রান্ত সব এলাকায় মশা নিয়ন্ত্রণে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আগামী দুই মাসের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর গত মাসে এ রিটটি করেন। তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ। রিটে মশাবাহিত রোগ যেমন চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।
আদেশের পর সালেকুজ্জামান সাগর বলেন, রিট দায়েরের দিন ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯০ এবং মৃত ১৩ জন। এখন আক্রান্ত ৭ হাজার ৭৫৮, মৃত ৩২। পরিস্থিতি জ্যামিতিক হারে খারাপ হচ্ছে, অথচ কার্যকর ব্যবস্থা নেই বলেই এই রিট দায়ের করা হয়।
রুলে বলা হয়েছে, ঢাকায় মশা নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার কারণে জীবনের জন্য হুমকি হয়ে ওঠা রোগের বিস্তার কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আক্রান্ত এলাকাগুলোতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকারসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।