ডেস্ক রিপোর্ট ।।
এশিয়া কাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি, আর ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে—সে বিষয়েও কোনো সমাধান আসেনি। এর মধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে বাংলাদেশের ঢাকায়। তবে আয়োজক দেশ হিসেবে ঢাকার প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা বৈঠকের স্থান পরিবর্তনের অনুরোধ করেছে এসিসিকে, না হলে বৈঠকে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছে।
ভারতের আপত্তির মূল কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা। পালাবদলের জেরে বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছে বিসিসিআই। পাশাপাশি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কও এখন অনেকটা ঠান্ডা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সফর নিরাপদ নয় বলে মন্তব্য করেছে ভারতীয় বোর্ডের কর্মকর্তারা। এ কারণে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঢাকায় তারা কোনো প্রতিনিধি পাঠাবে না।
বিসিসিআই-এর একজন কর্মকর্তা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সফর বুদ্ধিমানের কাজ হবে না। আমরা ইতিমধ্যেই এসিসিকে অনুরোধ করেছি যেন অন্যত্র এই বৈঠক আয়োজন করা হয়।”
এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারত নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে অনাগ্রহী। বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে আয়োজক নাম থাকবে ভারতের, কিন্তু খেলা হবে আমিরাতে।
বোর্ডের এক সূত্র স্পোর্টস তককে বলেন, “আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পহেলগাঁও হামলার আগেই দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি পাল্টেছে। এখন সরকার যা বলবে, সেটাই চূড়ান্ত হবে।”
প্রাথমিক সূচি অনুযায়ী, এশিয়া কাপ শুরু হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তানের ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর। যদিও এই ম্যাচ আদৌ হবে কিনা, তা এখনো অনিশ্চিত।