বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আগস্টে বাংলাদেশে আসছে ভারত, হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

বাংলাদেশে ভারতের এটি প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ; এ সিরিজটি হবে টি-টোয়েন্টি এশিয়া কাপের আগে চূড়ান্ত প্রস্তুতি

by ঢাকাবার্তা
রোহিত শর্মা ও নাজমুল হোসেন শান্ত।

ক্রিক‌ইনফো ।।

আগস্টে বাংলাদেশ সফরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ভারত। সফরে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এটি হবে বাংলাদেশে ভারতের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া ২০১৪ সালের পর এই প্রথমবারের মতো শুধু সাদা বলের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত।

ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে এবং শেষ দুই টি-টোয়েন্টি। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এই সিরিজটি ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের আগে ভারতের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই বিবেচিত হচ্ছে, যেটির আয়োজক ভারত।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্রীড়াপঞ্জির অন্যতম আকর্ষণীয় ও বহুল প্রতীক্ষিত একটি আয়োজন হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই ভারত এখন মানদণ্ড হয়ে উঠেছে এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই লড়াই উপভোগ করবেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হয়েছে, এবারও দারুণ এক সিরিজ হবে বলে আমি আশাবাদী।”

ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে। এরপর ১৭ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। এরপর তারা চট্টগ্রামে গিয়ে ২৩ ও ২৬ আগস্ট খেলবে তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি।

এরপর আবার ঢাকায় ফিরে ২৯ ও ৩১ আগস্ট খেলবে বাকি দুটি টি-টোয়েন্টি।

তবে আগস্ট বাংলাদেশে সাধারণত ক্রিকেট মৌসুম নয়। এর আগে এ সময়ে খুব কমই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে—যেমন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ও ২০২১ সালে তাদের বিপক্ষেই পাঁচটি টি-টোয়েন্টি। তবে ভারত এর আগেও বাংলাদেশে অফ-সিজন সফরে এসেছে; যেমন ২০১৪ সালে জুন মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net