বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

রাজধানীতে ওয়াসার পানিতে পোকা, বাসিন্দারা ক্ষুব্ধ!

by ঢাকাবার্তা
খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ৮ নম্বর সড়কে ১৫-২০ দিন ধরে পানির সঙ্গে লাল কেঁচো ও পোকা আসছে

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে পোকা ও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে—এমন অভিযোগ করছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। কল্যাণপুর, খিলগাঁও, মুগদা, তেজগাঁও, মালিবাগ, মধুবাগসহ বহু জায়গার বাসিন্দারা বলছেন, পানিতে লালচে ও কালো রঙের পোকা, এমনকি কেঁচোও পাওয়া যাচ্ছে।

কল্যাণপুরের কাকলী খান লিখেছেন, “শাওয়ার ছাড়লাম, পানি থেকে গায়ে পোকা পড়ল—এভাবে কি পানি ব্যবহার করা সম্ভব?” ফেসবুক গ্রুপে ক্ষোভ জানিয়ে তিনি জানান, পানি এতটাই নোংরা যে গা গুলিয়ে আসে।

মুগদার কেয়া আক্তার বলেন, “পানির ভেতর কেঁচোর বাচ্চা, লাল লম্বা পোকা। কী যন্ত্রণায় আছি!” খিলগাঁওয়ের সোহেলি বেগম জানান, বাড়িওয়ালা ট্যাংক পরিষ্কার করিয়েছেন, তাও সমাধান হয়নি। ফাতেমা তুজ জোহরা বলেন, পানি কিনে খেতে বাধ্য হচ্ছেন।

কল্যাণপুরের একাধিক বাড়ির বাসিন্দারা জানান, দেড় মাস ধরে নিয়মিত পানিতে পোকা দেখা যাচ্ছে। অনেকেই ওয়াসাকে জানিয়ে ট্যাংক পরিষ্কার করেছেন, তারপরও সমস্যা থেকে যাচ্ছে। ওয়াসার কর্মীরা বলছেন, কলের মুখে ছাঁকনি বা কাপড় বাঁধতে।

তবে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন দাবি করেন, পোকাগুলো ট্যাংক থেকে আসছে, শোধনাগারের পানি নয়। ট্যাংক পরিষ্কার করলেই সমস্যা সমাধান হবে বলে তাঁর মত।

অন্যদিকে, ওয়াসার কিছু কর্মকর্তা জানান, পোকা মূলত সায়েদাবাদ পানি শোধনাগার থেকে আসা পানিতে দেখা যাচ্ছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net