ডেস্ক রিপোর্ট ।।
১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—ভারতের আইপিএল ও পাকিস্তানের পিএসএল। এক সপ্তাহের ব্যবধানে স্থগিত হওয়া এই দুই লিগ এবার একই দিনে মাঠে ফিরছে, যা বিশ্ব ক্রিকেটে বিরল এক সমাপতন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি মঙ্গলবার জানিয়েছেন, পিএসএলের বাকি আটটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল ২৫ মে। অন্যদিকে, আইপিএলের ফাইনাল নির্ধারিত ৩ জুন।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন পড়ার পর নিরাপত্তা উদ্বেগে প্রথমে পিএসএল আমিরাতে সরিয়ে নেওয়া হয়, পরে তা স্থগিত করা হয়। এখন যুদ্ধবিরতির পর লিগ আবার শুরু হচ্ছে।
মহসিন নাকভি এক পোস্টে বলেন, ‘লিগ যেখানে থেমেছিল, সেখান থেকেই আবার শুরু হবে। আসুন, সবাই মিলে ক্রিকেটের চেতনা উদযাপন করি।’
ছয়টি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে তাদের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে। সীমান্ত উত্তেজনায় চার্টার্ড ফ্লাইটে তাদের সরিয়ে নেওয়া হয়েছিল, এখন আবার ফেরার আহ্বান জানানো হয়েছে।
একটি সূত্র জানায়, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো ১৭ থেকে ২৫ মে পর্যন্ত সময় ধরে বিদেশিদের সঙ্গে কথা বলছে। রাওয়ালপিন্ডিকেই ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।’
ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করলেই পিসিবি চূড়ান্ত সূচি ঘোষণা করবে এবং সেটি চেয়ারম্যানের অনুমোদনের পর প্রকাশ পাবে।
উল্লেখ্য, গত ৮ মে নিরাপত্তা ইস্যুতে পিএসএলের পেশোয়ার-করাচি ম্যাচ এবং আইপিএলের পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল হয়। এবার মাঠে ফেরার তারিখও মিলিয়ে গেছে—১৭ মে।
