রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

চকবাজার ও আজিমপুরের দুই বাড়িতে অভিযান; অভিযানের কারণ নিয়ে ধোঁয়াশা, জব্দ গাড়ির মালিকানা যাচাই চলছে

by ঢাকাবার্তা
হাজী মোহাম্মদ সেলিম

স্টাফ রিপোর্টার ।। 

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ঢাকার চকবাজার ও আজিমপুরের দুটি বাসভবনে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে চকবাজারের দেবীদাস ঘাট লেনের ‘গুলশান আরা মাসুদ’ নামের বাড়িতে এ অভিযান শুরু হয়। একই সময় আজিমপুরে তাঁর মালিকানাধীন গুলশানারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। তবে চকবাজারের বাসায় অভিযানের কারণ সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, অভিযানের বিষয়ে বিস্তারিত জানা নেই। তবে যৌথ বাহিনীর অনুরোধে তাদের সহায়তা করতে পুলিশ দেওয়া হয়েছে। আজিমপুরের ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়। ভবনের ম্যানেজার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বিএমডব্লিউ, একটি নিশান পেট্রোল, একটি প্রোটন, একটি টয়োটা আইএসটি ও একটি টয়োটা রাস জিপ। এসব গাড়ির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

  • চকবাজারের দেবীদাস ঘাট লেনের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী
  • আজিমপুরে গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
  • বিএমডব্লিউ, নিশান, টয়োটা ও প্রোটনসহ গাড়ির বাজারমূল্য কয়েক কোটি টাকা
  • অভিযানের কারণ জানায়নি পুলিশ, ম্যানেজার আটক
  • রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে হাজী সেলিম এখন কারাগারে
  • ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিমও বর্তমানে কারাগারে

যৌথ বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িগুলো হাজী সেলিম বা তাঁর ঘনিষ্ঠদের ব্যবহৃত ছিল। মালিকানা যাচাই–বাছাই চলছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ১৯৯৬ সালে ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে পরাজিত হন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে তিনি পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন।

তবে দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হলে তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে এবং তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হননি। ওই নির্বাচনে তাঁর ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-৭ আসন থেকে এমপি নির্বাচিত হন। বর্তমানে সোলায়মানও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net